
নিউজ ডেস্কঃ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশ প্রথম সারিতে রয়েছে। পুলিশ দেশের প্রয়োজনে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রমাণ দিতে পেরেছে। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়র সভায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন। এ সময় বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে পুলিশ কর্মকর্তাদের নিয়োগের দাবি জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে মহাপরিচালক হিসেবে পদায়নের দাবিও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। বৈঠকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসব দাবি জানান। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত এ বৈঠক চলে।পুলিশ কর্মকর্তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আইজিপিকে চার তারকা জেনারেলের পদমর্যাদায় এবং পুলিশ অধিদপ্তরকে সদর দপ্তর করার দাবি পুনর্ব্যক্ত করে বৈঠকে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, ভারত ও পাকিস্তানে পুলিশ প্রধানের পদমর্যাদা চার তারকা জেনারেলের সমমানের।
আইজিপিকে চার তারকা জেনারেলের সমমানের মর্যাদা দিলে বিদেশে দেশের ভাবমূর্তি উন্নত হবে। প্রতিবছর ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে জেলা প্রশাসকের সঙ্গে ঢাকার পুলিশ সুপারকে অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়ে অপর এক পুলিশ কর্মকতা বলেন, আইজিপিকে আর্থিক ক্ষমতা সচিবের সমমানের দিতে হবে। তাতে আইজিপি সচিবের মতো আর্থিক অনুমোদন করতে পারবেন। বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে পুলিশ কর্মকর্তা নিয়োগের দাবি তুলে ধরে আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, এতে সেসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ আইনি সহায়তা দিতে পারবে পুলিশ।