
নিউজ ডেস্কঃ সরকারের প্রশাসনের সাংগঠনিক কাঠামোতে আমূল পরিবর্তন আনা হয়েছে। এজন্য ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৪’ জারি করেছে সরকার। এতদিন ‘বিসিএস (অ্যাডমিনিস্ট্রেশন) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল, ১৯৮০’ দিয়ে এ ক্যাডার সার্ভিস পরিচালিত হলেও নতুন আদেশের মাধ্যমে পুরোনো আদেশ বিলুপ্ত করা হলো। বিলুপ্ত আদেশে প্রশাসন ক্যাডারের পদ ছিল ৩ হাজার ৯৭টি। নতুন আদেশে তা বাড়িয়ে করা হয়েছে ৭ হাজার ৭৬টি। নতুন আইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পদও সিভিল সার্ভিসের তপশিলভুক্ত করে পদের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া পুরোনো সব নিয়োগবিধিতে সরকারের চাকুরেদের কর্মচারী হিসেবে উল্লেখ করা হলেও নতুন আইনে তাদের কর্মকর্তা হিসেবে অভিহিত করা হয়েছে। জনপ্রশাসনে বিভিন্ন সময়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি থাকলেও প্রশাসন ক্যাডারের ইতিবাচক সংস্কারের ফলে আন্তঃবৈষম্য আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই।