
নিউজ ডেস্কঃ পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে কম মূল্যে বিক্রির জন্য পেঁয়াজ ও ডালের পর এবার ভারত থেকে ৪৮০ মেট্রিকটন কাঁচা ছোলা আমদানি করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বুধবার রাতে ভারত থেকে প্রথম চালানে ছোলা আমদানি হয় বেনাপোল বন্দরে। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার। তিনি বলেন, প্রথম চালানে ৪৮০ মেট্রিকটন ছোলা আমদানি করা হয়েছে ভারত থেকে। ছোলার গুণগত মান নির্ণয় করে দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, ছোলা আমদানি খরচ প্রতি কেজি ৮৫ টাকা পড়লেও ৪৫ টাকা ভর্তুকি দিয়ে ৫৫ টাকায় খোলা বাজারে টিসিবির কার্ডধারীদের মধ্যে বিক্রি করা হবে। এ ছাড়া রমজানের মধ্যে ছোলার পাশাপাশি ডাল, পেঁয়াজ ভোজ্য তেল, চিনি, খেজুর বিক্রি করবে টিসিবি।