
নিউজ ডেস্কঃ রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্যসচিব হলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। সদস্য করা হয় সংশ্লিষ্ট জোনের ডিএডি, সিনিয়র স্টেশন অফিসার ও ওয়ারহাউজ ইন্সপেক্টরকে। বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ২২ জন হাসপাতালে ভর্তি আছেন।
বেইলী রোডের ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনের মরদেহ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন। আহতদের অনেকেরই শ্বাসনালি পুড়ে গেছে। সামন্ত লাল সেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা চেষ্টা করছি, যারা ভর্তি আছেন, তাঁদের যেন আমরা সুস্থ করে তুলতে পারি।’