News71.com
 Bangladesh
 01 Mar 24, 06:24 PM
 152           
 0
 01 Mar 24, 06:24 PM

ডিসি সম্মেলন শুরু রোববার॥স্বাস্থ্য খাতে বিশেষ নজর জেলা প্রশাসকদের

ডিসি সম্মেলন শুরু রোববার॥স্বাস্থ্য খাতে বিশেষ নজর জেলা প্রশাসকদের


নিউজ ডেস্কঃ দ্বীপ জেলা ভোলার জনসংখ্যা সরকারি হিসাবে ১৯ লাখ ৩৪ হাজার ৫১৪। বিপুলসংখ্যক এই মানুষের স্বাস্থ্যসেবার জন্য আছে জেলার একমাত্র জেনারেল হাসপাতাল। এ ছাড়া আছে ছয়টি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি সরকারি শিশুসদন, একটি ডায়াবেটিক হাসপাতাল ও ২৫০টি স্যাটেলাইট ক্লিনিক। ভোলার সঙ্গে অন্যান্য জেলার সড়কযোগাযোগ না থাকায় সেখানকার মানুষের চিকিৎসাসেবা একেবারেই অপ্রতুল।জরুরি মুহূর্তেও এই জেলার বাসিন্দারা উন্নত চিকিৎসার সুযোগ পায় না। ভোলাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক বা ডিসি আরিফুজ্জামান। ডিসি সম্মেলন সামনে রেখে লিখিত প্রস্তাবে তিনি বলেছেন, ভোলা থেকে বরিশাল ও ঢাকায় দ্রুত যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসা শিক্ষায় গুরুত্ব বাড়বে।

ভোলার ডিসির মতো বান্দরবান, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, রাজবাড়ীসহ অন্তত ১২ জেলার ডিসি অভিন্ন প্রস্তাব পাঠিয়েছেন। বরিশালের ডিসি শহিদুল ইসলাম আরও এক ধাপ এগিয়ে বরিশাল শহরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ পাঠিয়েছেন। ডিসিদের প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ডিসিদের প্রস্তাবের বিষয়টি এখনো দেখিনি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য খাতের সব ধরনের অসংগতি দূর করার চেষ্টা করছি।

দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।’ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অধিকাংশ বাড়িতে মানসম্পন্ন শৌচাগার না থাকা, বিশুদ্ধ খাওয়ার পানির সংকট এবং প্লাস্টিক বর্জ্য ও পয়োবর্জ্যের কারণে পরিবেশদূষণের চিত্র তুলে ধরেছেন কক্সবাজারের ডিসি শাহীন ইমরান। তিনি জানান, দ্বীপের পানিতে অসহনীয় মাত্রায় ই. কোলাই জীবাণু থাকায় অধিকাংশ মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন