
নিউজ ডেস্কঃ শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডের বিরুদ্ধে চারজনের করা আপিল মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। আজ রোববার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এ আউয়াল এই আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
এর আগে আজ বেলা ১১টায় ড. ইউনুসসহ চারজন ট্রাইব্যুনালে হাজির হন। তাদের পক্ষে জামিন স্থায়ী করার আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ট্রাইব্যুনাল জামিন বাড়ানোর আদেশ দেন। একই সঙ্গে আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেন বলে তাঁদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান।সাংবাদিকদের তিনি বলেন, জামিনের মেয়াদ ঠিক কত দিনের জন্য বাড়ানো হয়েছে, সেটা ট্রাইব্যুনালের আদেশ পেলে জানা যাবে।