
নিউজ ডেস্কঃ জেলা প্রশাসকদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘সারা দেশে অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে অভিযান চলছে। তবে, অনেক সময় কিছু অসাধু লোক বিভিন্ন উপায়ে এসব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চালু রাখতে নানা অসাধু উপায়ে চেষ্টা করে যাচ্ছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এগুলো লক্ষ রাখতে হবে এবং সর্বাত্মক সহায়তা করতে হবে।’ আজ রোববার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি অডিটরিয়াম হলে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে জেলায় জেলায় অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ও বিভিন্ন ধরনের অনিয়ম রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান অভিযানে এ সহায়তা চান তিনি।
করোনার সময় জেলা প্রশাসকদের প্রশংসনীয় ভূমিকা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেভাবে করোনার সময় আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জেলার মাঠপর্যায়ে করোনা নির্মূলে নিরলস কাজ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এখন দেশের মানুষের জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও আপনাদের ভূমিকা রাখতে হবে। আমরা সকলে মিলে একটি ইউনিটির মতো কাজ করলে দেশের স্বাস্থ্যসেবায় অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।’ সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘স্বাস্থ্য খাতের দিকে সবাইকে আরও গুরুত্ব দিতে হবে। হাসপাতালে বেডের তুলনায় রোগী দ্বিগুণ বা তিন গুণ হলেও হাসপাতাল থেকে কোনো রোগীকে বের করে দেওয়া হয় না। চিকিৎসা দেওয়া হয়। আমি নিজেও চিকিৎসক হিসেবে ৩৩ বছর চাকরি করেছি। আমি জানি, আমাদের চেষ্টা থাকে কতটা।’