
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জ্ঞানে-বিজ্ঞানে অগ্রগামী, প্রযুক্তিভিত্তিক দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। শাসক নয়, সেবক রূপে জেলা প্রশাসকদের জনগণের জন্য কাজ করে যেতে হবে। সোমবার রাতে জাতীয় সংসদের শপথ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৪’ উপলক্ষে জেলা প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন স্পিকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এবং খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফও বক্তব্য প্রদান করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরি করার কাজে জেলা প্রশাসকদের ভূমিকা অনন্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসকগণ করোনা অভিঘাত মোকাবেলা করেছেন, সরকারের নীতি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন।