
নিউজ ডেস্কঃ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র্যাম্প খুলছে শিগগিরই। এতে এক্সপ্রেসওয়ে থেকে যানবাহন কারওয়ান বাজারের সড়কে নামতে পারবে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে র্যাম্পটি পরিদর্শন করে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার বলেন, চলতি মাসের ১৫ তারিখের আগেই র্যাম্পটি খুলে দেওয়া হবে।
গতকাল গিয়ে দেখা যায়, এক্সপ্রেসওয়ে থেকে এই র্যাম্পটি কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রধান ফটকের সামনে নেমেছে। র্যাম্পের নির্মাণকাজ শেষ। সড়ক ও ফুটপাতের মাঝখানে দেয়াল ঢালাই চলছে। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সহকারী বুলবুল আহমেদ বলেন, গত মাসেই (ফেব্রুয়ারি) কাজ শেষ হয়েছে। চলতি মাসে এটি খুলে দেওয়া হবে।