
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধি ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বিভিন্ন দাবিতে মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জমজম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে। আমাদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। আমাদের বেতন কম দেওয়া হয়, আবার সময় মতোও দেওয়া হয় না। শ্রমিকরা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে জমজম স্পিনিং মিলস লিমিটেড নামের কারখানার ম্যানেজার, জিএম’র কাছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য শ্রমিকরা গেলেও তারা কোন গুরুত্ব দেয়নি। বরং তারা বলেছে, তোমাদের যা ইচ্ছা তাই করো।