
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের স্বয়ংক্রিয় পদ্ধতি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে চলতি সপ্তাহে এই পদ্ধতি কার্যকরের বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে দেশেও ওঠা-নামা করবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে জ্বালানি তেল বেশি দামে বিক্রি হচ্ছে।এখন সমন্বয় করা হলে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম কিছুটা কমতে পারে। আজ মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনের ডিসি সম্মেলনের তৃতীয় দিনের একটি অধিবেশন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ায় সেটা আমরা গেজেট আকারে প্রকাশ করব এই সপ্তাহে।’বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে তেলের দাম নির্ধারণ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন স্বয়ংক্রিয় পদ্ধতি অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম সমন্বয় করতে গিয়ে বাংলাদেশে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম কিছুটা কমবে। সেটা আমরা এ সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করব।