
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন ধরনের হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি অভিযোগ করে বলেছেন, ‘কোথাও কোথাও ইলেকশন যেভাবেই হোক; ফলাফল একটা পূর্বনির্ধারিত ছিল এবং শিট বানিয়ে দেওয়া হয়েছে।’ জিএম কাদেরের এমন বক্তব্যের পর সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। সরকারি দল ও অধিকাংশ স্বতন্ত্র এমপিদের প্রতিবাদ করতে দেখা যায়। এরপর জিএম কাদেরের বক্তব্য চলাকালীন ধারাবাহিকভাবে তাঁরা প্রতিবাদ করেন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে জিএম কাদের এমন অভিযোগ তোলেন। জিএম কাদের বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, তিন ধরনের ইলেকশন হয়েছে। কোনো কোনো এলাকায় সবগুলো সুষ্ঠু ইলেকশন হয়েছে। সেখানে কোনো ডিস্টার্বেন্স হয়নি। সাধারণত প্রতিযোগিতাহীন ইলেকশন হয়েছে—সেখানে কোনো শক্ত প্রার্থী ছিল না; সেখানে সরকারের সদিচ্ছা ছিল; শতভাগ সুষ্ঠু হয়েছে; তবে উপস্থিতি কম ছিল। আরেকটা হয়েছে ফ্রি স্টাইল—সেখানে মাসল পাওয়ার এবং মানি অবাধে ব্যবহার করা হয়েছে; সেটার মাধ্যমে ভোটকেন্দ্র দখল করা হয়েছে; বেশির ভাগ সময় এখানে সরকারি দলের বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা আমাদের প্রার্থী ছিল। আরেকটা ছিল যেটা নিয়ে ব্যাপকভাবে অভিযোগ আমাদের অনেক নেতা–কর্মী প্রার্থীদের, সেটা হলো—ইলেকশন যেভাবেই হোক; ফলাফল একটা পূর্বনির্ধারিত ছিল এবং শিট বানিয়ে দেওয়া হয়েছে।’ সরকারি দলের ও অধিকাংশ স্বতন্ত্র এমপিরা এই বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকলে জিএম কাদের হেসে বলেন, এটা নাও হতে পারে।