News71.com
 Bangladesh
 06 Mar 24, 09:49 AM
 139           
 0
 06 Mar 24, 09:49 AM

মুসলিম দেশগুলোতে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী॥

মুসলিম দেশগুলোতে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী॥


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলিম দেশগুলো নিজেদের ব্যবসা-বাণিজ্য বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরোর মতো অভিন্ন মুদ্রা চালু করতে পারলে খুব ভালো হবে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তুরস্কের বাণিজ্য উপমন্ত্রী মোস্তফা তুজকুরের নেতৃত্বে ডি-৮ বাণিজ্যমন্ত্রীদের প্রতিনিধি দল সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এ বিষয়ে ব্রিফ করেন। খবর বাসসের। বিশ্বের আটটি সর্বাধিক জনবহুল মুসলিম দেশ নিয়ে ডি-৮ গঠিত। সদস্য দেশগুলোর জন্য প্রচুর সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের মধ্যে বাণিজ্য উন্নত করতে পারলে অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না।’

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘তাদের এক বা দুই প্রজন্ম হারিয়ে যাচ্ছে। অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে। তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দেশটির বর্তমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই দিন দিন কঠিন হয়ে উঠছে।’ এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি দল বলেছে, ডি-৮ ও মুসলিম দেশগুলো রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে। ইসরায়েলি হামলার বিষয়ে শেখ হাসিনার গাজার পক্ষে অবস্থানেরও প্রশংসা করে তারা। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন