
নিউজ ডেস্ক: বাংলাদেশে আইফোনসহ দামি স্মার্টফোন চুরি করে ভারতে পাচার, আবার ভারত থেকে চুরি হওয়া মোবাইল ফোন, চোরাচালানের মাধ্যমে কসমেটিক, শাড়ি ও থ্রি পিস এনে বাংলাদেশে বিক্রি করে একটি চক্র। রাজধানীর বাড্ডা থেকে এই চক্রের ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক। তাদের কাছ থেকে ২১টি দামি মোবাইল ফোনসহ চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিপুল পরিমাণ কসমেটিকস, শাড়ি, থ্রি পিস, ৫টি ভারতীয় পাসপোর্ট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- ভারতীয় নাগরিক রাজা শাও, পঙ্কজ বিশ্বাস, উৎপল মাইটি, দীপঙ্কর ঘোষ, রাজু দাস, সুজন দাস, এস কে আজগর আলী, লারাইব আশ্রাব, সমরজিৎ দাস ও বাংলাদেশি নাগরিক মুরাদ গাজী।
বাংলাদেশে নামাজ পড়তে গিয়ে, জনসভায় অংশগ্রহণ করতে গিয়ে, পথিমধ্যে চলতে গিয়ে অথবা মার্কেটিং করতে গিয়ে প্রতিদিন অনেক আইফোন ও স্যামসাংসহ অন্যান্য দামি ব্রান্ডের ফোন চুরি হয়। এ সংক্রান্তে চোররা ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই মোবাইল উদ্ধার হয় না। চোর এবং তাদের মহাজনদেরকে গ্রেফতার করে জানা যায়, বাংলাদেশে চুরি হওয়া ভালো মানের দামি মোবাইলগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে বিক্রি হয়ে থাকে। গ্রেফতারকৃত কয়েকজন এবং তাদের অপরাপর সহযোগীরা বাংলাদেশে চুরি হওয়া নামি-দামি মোবাইলগুলো স্বল্প দামে কিনে ভারতের বাজারে বিক্রি করে। বৃহস্পতিবার সকালে মধ্য বাড্ডায় ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে একটা চক্র বাংলাদেশের দামী মোবাইল ফোন আইফোন, স্যামসাং ফোনসহ অন্যান্য স্মার্টফোন চুরি করে ভারতে পাচার করত। আবার ভারতে চুরি হওয়া কিছু মোবাইল ফোন বাংলাদেশে এনে বিক্রি করত। বুধবার দিবাগত রাতে মধ্য বাড্ডায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।