
নিউজ ডেস্কঃ সংস্কারকাজ শেষে ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতু আগামীকাল শনিবার থেকে চালু হচ্ছে। ওইদিন থেকে আগের মতোই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে যাতায়াতে ওই সেতু ব্যবহারকারীদের ভোগান্তি ও রাজধানীর যানজট কমবে। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তিন কিলোমিটারে অবস্থিত বুড়িগঙ্গা প্রথম সেতুর দুটি গার্ডার মেরামত ও রেট্রোফিটিংয়ের জন্য ১৫ দিনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। গত ২২ ফেব্রুয়ারি থেকে এ কাজ শুরু হয়। সংস্কারকাজ করার সময় যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যান চলাচল নিষেধ ছিল। আর বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন বন্ধ ছিল সেতু।