
নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায়। নিয়ম অনুযায়ী রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করবে নির্বাচন পরিচালনা কমিটি। তবে সারা রাত আইনজীবীদের মধ্যে দফায় দফায় হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন আইনজীবী আহত হন। পরে ভোট গণনা না করেই সম্পাদক পদে একজনকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। আর ব্যালট রয়েছে পুলিশ হেফাজতে। ভোট গণনার বিষয়ে কথা বলতে দফায় দফায় ফোন করলেও পাওয়া যায়নি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানকে। তবে কমিটির সদস্য ইকবাল করিম বলেন, ‘আমরা এখনো ভোট গণনা করিনি।’
এভাবে সম্পাদক পদে একজনকে বিজয়ী ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো ফেসবুকের কথা। ব্যালট এখনো পুলিশ হেফাজতে রয়েছে। রাতে বহিরাগতরা মিলনায়তনে প্রবেশ করে ঝামেলা করেছে।’ আওয়ামী সমর্থক প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক বলেন, ‘নির্বাচনের পর ভোট গণনার জন্য সবাই অপেক্ষায় ছিলাম। এরই মধ্যে আমাদের কাছে খবর আসে বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ করেছে। তখন আমরা বললাম, যে পরিবেশ তাতে ভোট গণনা করা সম্ভব না। ওই সময় বহিরাগত সন্ত্রাসীরা আইনজীবীদের মেরে একজনকে ঘোষণা দিতে বলেছে। পরে চাপের মুখে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়।’ঘটনাস্থলে থাকা একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্যালট বাক্স খোলা হয়। ওই ব্যালট গণনার জন্য বাছাইও করা হয় কয়েক ঘণ্টা ধরে। ওই সময় বিএনপি-সমর্থিত প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও স্বতন্ত্র সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা যুথী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।