
নিউজ ডেস্ক: একে একে ঘাঁটি হারিয়ে কোণঠাসা মিয়ানমারের জান্তাবাহিনী। দিন যত যাচ্ছে আরও বেকায়দায় পড়েছে ক্ষমতাসীনরা। বিদ্রোহীদের চাপ সামলাতে না পেরে ইতোমধ্যেই নানা কৌশল অবলম্বন করছে তারা। স্কুল-কলেজ থেকে তরুণ-তরুণীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবুও ইতিবাচক কোনো ফলাফল পাচ্ছে না তারা। এবার বিদ্রোহীদের ঠেকাতে মিয়ানমারের ৮০ শহরে যোগাযোগ বিচ্ছিন্ন করল জান্তা। বৃহস্পতিবার ইরাবতির এক খবরে বলা হয়েছে, দেশটির বিভিন্ন শহরে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে। মিয়ানমারের স্বাধীন মানবাধিকার সংগঠন আথান বিষয়টি নিশ্চিত করেছে।
মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, এই ৮০ শহরের মধ্যে সাগাইন অঞ্চলেই সবচেয়ে বেশি শহর অবস্থিত। সেই অঞ্চলটির ৩৪টি শহরের মধ্যে ২৭টিতেই কোনো ধরনের ইন্টারনেট, মোবাইল ও টেলিফোন সংযোগ একেবারেই নেই। এ ছাড়া, কায়াহ রাজ্যের সাতটি শহরের পাঁচটিতেই সব ধরনের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে। পাশাপাশি শান, চিন, কাচিন ও মন রাজ্যের বিভিন্ন শহর এবং তানিনথারি, মগওয়ে, বাগো ও আয়েওয়ারওয়াদির মতো শহরগুলোতেও একই দৃশ্যের দেখা মিলছে। ৮০টি শহরের মধ্যে কোনোটিতে দুই সংযোগের একটিও নেই, আবার কোনো কোনোটিতে ইন্টারনেট থাকলেও টেলিফোন সংযোগ নেই। কোনোটিতে আবার টেলিফোন সংযোগ থাকলেও ইন্টারনেট নেই। মূলত মিয়ামারের রাখাইন রাজ্যে জান্তাদের বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।