
নিউজ ডেস্ক: পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টি এলাকার একটি প্রেসের আগুন নিয়েন্ত্রণে এসেছে। আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ছয়টি ইউনিট। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ওই প্রেসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা পরিদর্শক আনোয়ারুল ইসলাম। তিনি জানান, রাত ৯টা ৩৮ মিনিটে আমরা আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৪৫ মিনিটে। পরবর্তী সময়ে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। রাত ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান এই ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।