
নিউজ ডেস্কঃ হলমার্ক কেলঙ্কারির মামলায় কারাদণ্ড পাওয়া সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার আদালত থেকে পালিয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। আর রায় ঘোষণার পরই আদালতকক্ষ থেকে পালিয়ে যান জামাল উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, ‘ঋণ জালিয়াতির মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদসহ মোট ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এ মামলায় জামাল উদ্দিনের পাঁচ বছর কারাদণ্ড হয়। তিনি জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত থাকলেও পরে পালিয়ে যান তিনি।’
এদিকে, সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির এ মামলায় তানভীর মাহমুদ, তার স্ত্রী ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা হল-মার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম ও সাইফুল হাসান, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক ও আবদুল মতিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি জামাল উদ্দিন ছাড়া বাকি সাতজনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন- সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সফিজউদ্দিন এবং এজিএম মো. কামরুল হোসেন খান।