
নিউজ ডেস্কঃ রাশিয়া সরকারের কাছ থেকে সরকারিভাবে (জিটুজি) তিন লাখ টন গম আমদানি করা হচ্ছে। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ২৮৮ ডলার। অথচ এর পাঁচদিন আগে একই দেশ থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রতি টন ২৭৯ ডলার ৮৫ সেন্ট দরে গম কেনার সিদ্ধান্ত হয়। এই প্রক্রিয়ায় ৫০ হাজার টন গম কেনা হচ্ছে। এ ক্ষেত্রে প্রতি টন গমের দাম ৮ ডলার কম ছিল। সে হিসাবে জিটুজি পদ্ধতিতে ৩ লাখ টন গম কিনতে সরকারকে অতিরিক্ত গুনতে হচ্ছে ২৪ লাখ ডলার। প্রতি ডলার ১১০ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি টাকার ওপরে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে একই দেশের একই পণ্যের দামে এত বড় হেরফের নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিষয়টি খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।