
নিউজ ডেস্কঃ রাজনৈতিক ফায়দা লুটতে প্রকাশ্যে আবারও ভারত বিরোধিতা শুরু করছে বিএনপি। জাতীয় নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশায় অনেক দিন ‘নিশ্চুপ’ থেকে অবস্থান বদল করেছে বিএনপি। গত ৭ জানুয়ারির নির্বাচনের আগে হঠাৎ ভারতের বিরুদ্ধে সোচ্চার হন দলের শীর্ষ নেতৃত্বসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। নির্বাচনের পর ভারত বিরোধিতায় আরো সরব হয়েছেন দলের নেতাকর্মীরা। ভারতীয় পণ্য বর্জনের পক্ষে কিছুদিন ধরে বাংলাদেশে যে প্রচারণা চলছিল, গত বুধবার সেই কার্যক্রমে সংহতি প্রকাশ করেছেন বিএনপির একজন মুখপাত্র।
এর পরই দলটির ভারত বিরোধিতার বিষয়টি বেশ আলোচনায় আসে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিএনপি কি তাহলে আনুষ্ঠানিকভাবে ভারতবিরোধী অবস্থান নিল? দলীয়ভাবেই ভারতীয় পণ্য বর্জন প্রচারণায় জড়িয়ে পড়ল?এ নিয়ে দলের ভেতরেও নানা আলোচনা আছে। ভারতের বিষয়ে বিএনপির অবস্থান আসলে কী তা নিয়ে দলের নেতাদের মধ্যে বিভ্রান্তিও আছে। ফলে ভারতের বিষয়ে এক সুরে বক্তব্য আসছে না। বিষয়টি সুরাহার জন্য দলের স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মনে করেন, জনগণের দল হিসেবে বিএনপি জনগণের দাবি, মতামত ও বিবেচনাবোধকে অগ্রাহ্য করতে পারে না।