
নিউজ ডেস্কঃ শেরপুরের নকলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে এক সাংবাদিককে ছয় মাসের কারাদণ্ডের ঘটনায় আবারও এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত হয়ে আছে ছয় বছর। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের এখনো নিষ্পত্তি হয়নি। আইনজীবীরা বলছেন, ওই আপিল নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। শুধু শেরপুরেরটি নয়, প্রশাসনিক কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড মাঝেমধ্যে প্রশ্ন ও বিতর্কের জন্ম দিচ্ছে। আপিল নিষ্পত্তির উদ্যোগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তো চেষ্টা করছি।’ তিনি এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।
যোগাযোগ করা হলে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বলেন, এটি খোঁজ নিয়ে বলতে হবে।শেরপুরের নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তথ্য অধিকার আইনে একটি প্রকল্পের তথ্য চেয়ে ৫ মার্চ আবেদন করেন একটি জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিক শফিউজ্জামান। আবেদনের ‘রিসিভড কপি’ চাওয়ায় অসদাচরণের অভিযোগে তাঁকে আটকের পর ওই কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি প্রকাশিত হলে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। নিন্দা জানায় সম্পাদক পরিষদ, আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন। ১২ মার্চ শফিউজ্জামান জামিনে মুক্তি পান। বিষয়টির অনুসন্ধান করছে তথ্য কমিশন।