News71.com
 Bangladesh
 24 Mar 24, 12:11 PM
 109           
 0
 24 Mar 24, 12:11 PM

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারে সোমালি পুলিশের অভিযান॥

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারে সোমালি পুলিশের অভিযান॥

নিউজ ডেস্কঃ ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় সোমালি জলদস্যুদের কবলে পড়া এমভি আব্দুল্লাহ জাহাজটির সঙ্গে মালিক পক্ষের যোগাযোগের বিষয়ে নতুন কোনো তথ্য নেই। দুদিন আগে দস্যুদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছে মালিকপক্ষ। তবে কী কথা হয়েছে সে ব্যাপার বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে বিবিসি সোমালির প্রতিবেদনে জানানো হয়েছে, সোমালিয়ার পুন্টল্যান্ড এলাকার নুগাল পুলিশ বিভাগের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুফ জানিয়েছেন, জাহাজটি এখন জিফলের উপকূলীয় এলাকায় রয়েছে। তাঁরা জলদস্যুদের বিচ্ছিন্ন করার লক্ষ্যে পূর্ব দিকে একটি অভিযান চালাচ্ছেন। পূর্ব দিক থেকে যে কোনো ধরনের সহায়তা পাওয়ার পথ তাঁরা রুদ্ধ করেছেন।

মারদুফ বিবিসিকে বলেছেন, ‘আমরা এখন উপকূলে আছি। আমাদের পরিকল্পনা হলো জলদস্যুরা যেন নিজেদের সংগঠিত করতে না পারে এবং এমভি আব্দুল্লাহ জাহাজে যারা (দস্যুরা) আছে, তারা উপকূল থেকে কোনো সাহায্য না পায়। সমুদ্রের দিকে তারা আন্তর্জাতিক বাহিনীর জাহাজ বেষ্টিত রয়েছে। ফলে তারা সব দিক থেকে বিচ্ছিন্ন।’ এই পুলিশ কর্মকর্তা বলেন, জাহাজে থাকা জলদস্যুদের কাছে এখন দুটি বিকল্প রয়েছে: হয় তাদের পুন্টল্যান্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে, নয়তো আগের জাহাজের ভাগ্য বরণ করতে হবে। উল্লেখ্য, এর আগে ভারতীয় নৌবাহিনী এমভি রুয়েন নামে একটি জাহাজ জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করেছে এবং ৩৫ জলদস্যুকে আটক করে ভারতে নিয়ে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন