
নিউজ ডেস্ক: দেশে হঠাৎ করেই বেড়েছে আগুনের ঘটনা। গত কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিভাগের ৩ স্থানে ভয়াবহ আগুন দেশে হঠাৎ করেই বেড়েছে আগুনের ঘটনা। গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় আগুনের ঘটনা ঘটেছে রাজধানীতে। সর্বশেষ আজ রোববার (২৪ মার্চ) ভোর থেকে শুধু ঢাকা বিভাগেই ভয়াবহ ৩টি আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভোরে প্রথম আগুন লাগে নারায়ণগঞ্জ জেলার গাউছিয়া কাঁচাবাজার মার্কেটে। এর পরই দুপুর ১টার দিকে আগুন লাগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় এবং সর্বশেষ আগুন লেগেছে রাজধানীর বনানীস্থ গোডাউন বস্তিতে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে ভোর সাড়ে চারটার দিকে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গাউছিয়া কাঁচাবাজারের আগুনে পুড়ে গেছে দুই শতাধিক দোকান। দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায় মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায়। সংবাদ লেখা পর্যন্ত ওই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অন্যদিকে আজ বিকেলে ৪টার দিকে আগুন লাগে রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। পরর্বর্তীতে আরও ৪টি ইউনিটসহ সেনাবাহিনীর চেষ্টায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।