
নিউজ ডেস্ক: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া বাধ্যতামূলক করে কারিগরি ত্রুটি এড়াতে শেষ সময়ের অপেক্ষা না করে আগে আগে জমা দিতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গতকাল এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না। প্রথম ধাপের নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হবে। এই ধাপের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রার্থীদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি জমা নেওয়ার পাশাপাশি অনলাইনেও জমা দেওয়ার ব্যবস্থা করেছিল কমিশন। অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে ইসির ব্যাপক উৎসাহ থাকলে প্রার্থীদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ২১ প্রার্থী।