
নিউজ ডেস্কঃ নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘দ্য ট্রি অব পিস’ পদক নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেসকো থেকে দি ট্রি অব পিস পুরস্কার পেয়েছেন তিনি। গত বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ইউনেসকো থেকে ইউনূসকে কোনো পদক দেওয়া হয়নি।শিক্ষামন্ত্রী আরও বলেন, বাকু সম্মেলনে নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার। ঘটনার সত্যতা জানতে ভাস্কর হেদভা সার ও ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করা হয়।বুধবার রাতে হেদভা সার বলেন, ‘বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একেবারে সঠিক। ট্রি অব পিস পুরস্কার ইউনেসকো নয়, নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়।’ এদিকে একই রকম তথ্য জানিয়েছে ইউনেসকো। সংস্থাটির প্রেস অফিসার ক্লেয়ার ও‘হাগান জানান, শৈল্পিক কাজের অংশ হিসেবে শিল্পী হেদভা সারের নির্মিত একটি ভাস্কর্য দ্য ট্রি অব পিস। হেদভা সার ইউনেসকোর শুভেচ্ছা দূত। কিন্তু এই শিল্পকর্মটি ইউনেসকোর কোনো পুরস্কার নয়।