
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট অনেকটা কেটেছে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন।বৈঠকে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লা মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বেশ কিছু বাজেট প্রস্তাব তুলে ধরেন। এ সময় প্রস্তাবগুলো বিবেচনা করার আশ্বাস দেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। একটা সন্দেহ ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেগুলো কেটে গেছে অর্থনীতির ওপরে। যারা দেশকে শ্রীলংকা হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণ হয়েছে। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধি এসেছিল। তারা বলেছে- আমরা অপেক্ষা করছি তোমাদের প্রপোজালের জন্য। তোমরা আগে প্রপোজাল দাও টাকা আমরা দেব, টাকার কোনো অভাব নেই। কাজেই এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর আর তো কোনো সন্দেহ নেই। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।