
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি, শ্রম পরিবেশ, স্বচ্ছতার ঘাটতিসহ বেশ কিছু বাধা দেখছে মার্কিন সংস্থা অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর)। সংস্থাটি বলছে, কিছু আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার কিছু আইন নিজেই বিনিয়োগে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘দ্য ২০২৪ ন্যাশনাল ট্রেড এস্টিমেট রিপোর্ট অন ফরেইন ট্রেড ব্যারিয়ার্স’ শীর্ষক প্রতিবেদনটি গত শুক্রবার প্রকাশ করা হয়েছে।
ইউএসটিআর প্রকাশিত এটি ৩৮তম বার্ষিক প্রতিবেদন। এতে ৫৩টি দেশ, ৩টি জোট ও ২টি অঞ্চলে মার্কিন তথা বিদেশি বিনিয়োগে বাধার কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে। ইউএসটিআর মার্কিন বাণিজ্য নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখে। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয়ের একটি অংশ এটি। মন্ত্রী পদমর্যাদার একজন সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্যবিষয়ক মুখ্য উপদেষ্টা, আলোচক ও মুখপাত্র হিসেবেও কাজ করেন। বর্তমানে সংস্থাটির প্রধান ক্যাথেরিন সি টাই।