
নিউজ ডেস্কঃ ঈদের আগেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেতে যাচ্ছেন প্রশাসনের শতাধিক যুগ্ম সচিব। এ দফায় নিয়মিত ব্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তাদের। এ ব্যাচের ১১০ জনসহ আগের পদোন্নতিবঞ্চিত (লেফট আউট) বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদেরও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।পদোন্নতির সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) প্রয়োজনীয় সংখ্যক বৈঠক করে প্রায় ২০০ কর্মকর্তার তথ্য-উপাত্তও যাচাই-বাছাই শেষে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য এ-সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপ আজকালের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঈদের আগে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি হবে কি না– জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মো. নাজমুছ সাদাত সেলিম গতকাল রোববার বলেন, ‘আমরা চেষ্টা করছি। আশা করি হয়ে যাবে।’ জানা গেছে, প্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ১৩৫টি। বর্তমানে অনুমোদিত পদের দ্বিগুণের বেশি প্রায় ৩০০ কর্মকর্তা আছেন এ পদে। কিন্তু বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তারা ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি চাকরিতে যোগ দেন এবং ২০২০ সালের জুনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পান। যুগ্ম সচিব পদে তিন বছরসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্ম সচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচিত হন।