
নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা ও থানচিতে গত দুদিনে ৩টি ব্যাংকে ডাকাতির ঘটনায় সদর উপজেলা বাদে ছয়টি উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার (৩ এপ্রিল) বান্দরবান সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ওসমান গণি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে রুমা সোনালী ব্যাংক এবং আজ দুপুর সাড়ে ১২টায় থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় নিরাপত্তার স্বার্থে রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুটের ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতে জেলার থানচির দুই ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজার এলাকায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে থানচি বাজারে ঢুকে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই ভাগে বিভক্ত হয়ে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় বাজার এলাকায় ফাঁকা গুলিও ছোড়ে তারা। এতে আতঙ্কে সবাই পালাতে থাকে।