
নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশের যৌথ মালিকানার ১৩২০ মেগাওয়াটের রামপাল বিদ্যুৎকেন্দ্রটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ২০১০ সালের ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সই হয়। প্রতিষ্ঠানটি বন্ধুপ্রতিম দু’দেশের মৈত্রীর অন্যতম প্রতীক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা পূরণে রামপাল বিদ্যুৎকেন্দ্রের অবদান অপরিসীম। পশুর নদীর তীরে ১৮৩৪ একর জায়গার ওপর একেন্দ্রটি অবস্থিত। অথচ গত ৩ বছরে গ্ররুত্বপূর্ণ এ বিদ্যুৎকেন্দ্রে শতাধিকবার চুরির ঘটনা ঘটেছে। শতাধিক ব্যক্তি আইন-শৃংখলা বাহিনীর হাতে মালামালসহ আটক হয়েছে। তারপরেও দিন দিন চুরির ঘটনা বাড়ছে। গত বুধবার রাতে‘ সংঘবদ্ধ সশস্ত্র চোরচক্রের হামলা’র ঘটনা ছিল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইতিহাসে নজির বিহীন। মূলত: বিশাল এলাকাজুড়ে অবস্থিত এ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যত: অরক্ষিত হওয়ার কারনে এমন ঘটনা ঘটছে বলে পর্যবেক্ষকরা মনে করেন।