News71.com
 Bangladesh
 08 Apr 24, 04:05 PM
 125           
 0
 08 Apr 24, 04:05 PM

শোলাকিয়ায় ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন॥থাকছে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা

শোলাকিয়ায় ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন॥থাকছে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক: শোলাকিয়ায় এবার সাদা পোশাকে পুলিশ সদস্যসহ প্রায় ১৩০০ পুলিশ, র‌্যাবের ৮টি টিম (প্রতি টিমে ৬ জন করে) ও ১০০ বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পুরো মাঠ পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার। ঈদের দিন মাঠের বিভিন্ন প্রান্তে থাকবে ১৩টি আর্চওয়ে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। থাকবে ড্রোন ক্যামেরাও। এছাড়া আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। বোম ডিসপোজাল টিমও থাকবে। ঈদের দিন এখানে ফায়ার সার্ভিস কাজ করবে। ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে। ঈদগাহ পরিচালনা কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে ঈদের দিন মুসল্লিদেরকে শুধুমাত্র জায়নামাজ নিয়ে মাঠে আসার অনুরোধ করেছেন।  

গতকাল রবিবার জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, র‌্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।  তারা জানান, এখন পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি পাওয়া যায়নি। এরপরও ২০১৬ সালের জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন শোলাকিয়ায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা এবং ঈদ জামাত সুন্দর ও নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর বলেও জানান তারা। প্রতিটি মুসল্লিকে নিরাপত্তা বেষ্টনির ভিতর দিয়ে মাঠে প্রবেশ করতে হবে। মুসল্লিদেরকে দিয়াশলাই, গ্যাস লাইটার ও ছাতা নিয়ে ঈদগাহে আসতে নিষেধ করা হয়েছে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন