
নিউজ ডেস্ক: অর্ধশতাব্দী আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। কথা ছিল তাঁর সফরের সময় দুই দেশ একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করবে। তবে কারিগরি সহযোগিতাবিষয়ক একটি চুক্তি সই হলেও মতানৈক্যে আটকে গেছে তিন সমঝোতা স্মারক সই। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী কারিগরি সহযোগিতাবিষয়ক চুক্তিতে সই করেন।
ভিয়েরার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছে ঢাকা। দুই দেশের ক্রীড়া, কৃষি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সমঝোতাগুলো নিয়ে কিছু অনৈক্যের সৃষ্টি হয়। সমঝোতাগুলো সই না হওয়ার কারণ জানতে চাইলে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা সমকালকে বলেন, বিষয়গুলোতে একমত হতে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আরও আলোচনা প্রয়োজন। যেমন ক্রীড়া নিয়ে সমঝোতা স্মারকটি দুই দেশের ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয় সই করবে।