
নিউজ ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে প্রবেশ করে দুই বাংলাদেশিকে লক্ষ্য করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ২টায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে খামারভাতি সীমান্তে জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় যুবক এনামুল হক ও ইন্দু মিয়া। হঠাৎ বিএসএফ তাঁদের ধাওয়া দিলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালান। অবশ্য দুই যুবক অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে যেতে পেরেছেন। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।