
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১৫ এপ্রিল) খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ৯ এপ্রিল। ঈদ ও বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে, শেষ হচ্ছে ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮-৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে ঈদের ছুটি কাটিয়েছেন টানা ১০ দিন। সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এবার সংবাদপত্রে ছুটি ছিল ৬ দিন। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ৯-১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। এ কারণে ১০-১৫ এপ্রিল পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হয়নি। তবে বিশেষ ব্যবস্থাপনায় অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনগুলো খোলা ছিল।