
নিউজ ডেস্ক: প্রথমবারের মতো স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চার ধাপের এই নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার (১৫ এপ্রিল)। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা আর সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক নিষ্পত্তি করবেন। এ দিকে দ্বিতীয় ধাপের তফসিলও ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।