
নিউজ ডেস্ক: কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন, ২০১৬ এর খসড়া অতি দ্রুত আইন আকারে পাস করার জন্য জাতীয় সংসদকে পরামর্শ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। নওগাঁর মিজানুর রহমানকে পুকুর খনন বন্ধ করতে ভূমি অফিসের নোটিশ অবৈধ ঘোষণার রায়ে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন। ১৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় বুধবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে আদালত বলেন, ফসলি জমিতে পুকুর খননের বিধিনিষেধ আরোপ করে ‘কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন, ২০১৬’ এর খসড়া আইন প্রণয়ন করা হলেও কোনো এক অজানা কারণে এটি এখনো আলোর মুখ দেখছে না। বাংলাদেশের কৃষি জমি, বনভূমি, টিলা, পাহাড় ইত্যাদি সুরক্ষার জন্য আইনটি দ্রুত জাতীয় সংসদ কর্তৃক পাস হওয়া অতি আবশ্যক।
২০১৯ সালের ৩১ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়নের ভূমি অফিস নোটিশ দিয়ে মো. মিজানুর রহমানকে পুকুর খনন বন্ধ করতে বলে এবং ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী কেন দরখাস্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়। এই নোটিশের বিরুদ্ধে মিজানুর রহমান পুকুর খননের অনুমতি চেয়ে একই বছরের ১৪ ফেব্রুয়ারি নওগাঁর জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করেন।তবে জেলা প্রশাসক আবেদনটি নিষ্পত্তি না করায় মিজানুর রহমান হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত ২০১৯ সালের ৩০ এপ্রিল পুকুর খনন বন্ধে নোটিশ কেন অবৈধ ও বেআইনি হবে না, এই মর্মে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২২ সালের ২ জুন পুকুর খনন বন্ধে নোটিশ বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এরই ধারাবাহিকতায় রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলেন হাইকোর্ট।