News71.com
 Bangladesh
 22 Apr 24, 01:16 PM
 141           
 0
 22 Apr 24, 01:16 PM

দলের নির্দেশ উপেক্ষা করে এখনও এমপি-মন্ত্রীদের ৪৭ স্বজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী॥

দলের নির্দেশ উপেক্ষা করে এখনও এমপি-মন্ত্রীদের ৪৭ স্বজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী॥

 

 

নিউজ ডেস্ক: উপজেলা নির্বাচনে দলীয় সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীর পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এমনকি যাঁরা এরই মধ্যে প্রার্থী হয়েছেন, তাঁদেরও নির্বাচন থেকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু দলের এই নির্দেশনা মানছেন না কেউ।  গতকাল পর্যন্ত ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থীর খোঁজ পাওয়া গেছে, যাঁরা স্থানীয় এমপির স্বজন ও নিকটাত্মীয়। এ ছাড়া তফসিল হয়নি এমন বেশ কিছু উপজেলায় এমপিদের আরও ২৬ জন আত্মীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগসহ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে এরই মধ্যে অপ্রীতিকর ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন কোনো কোনো মন্ত্রী-এমপি। 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবার উপজেলায় নৌকা প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ার সুবাদে উপজেলা নিজের নিয়ন্ত্রণে রাখতে চান এমপিরা। এ জন্য চেয়ারম্যান পদে নিজের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের মাঠে রাখছেন তাঁরা। এ ক্ষেত্রে দলের নিষেধও শুনছেন না অনেকেই।বিষয়টি নিয়ে ৩০ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিশদ আলোচনা হবে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। সেখানে যেসব এমপি দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন, তাঁদের বিষয়ে কী কী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হতে পারে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, দল থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তা মানা সকলের জন্য বাধ্যতামূলক। তা মানা না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন