
নিউজ ডেস্ক: দেশে তাপমাত্রার পারদ প্রতিদিনই ওঠানামা করছে। কখনো তীব্র, আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে দেশের বেশির ভাগ অঞ্চল। চলতি মাসে দাবদাহের এই তীব্রতা কমার কোনো সম্ভবনা নেই। সূর্যের তেজ আর বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে কাহিল জনসাধারন। গতকাল রোববারও দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে অতি তীব্র তাপপ্রবাহ, যা চলবে চলতি এপ্রিলের বাকি কয়েক দিনও। ঢাকায় বিগত দশ বছরের তাপমাত্রার হিসাব বলছে, ২০১৪ সালের ২৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আর ৪০—এর ঘর পার না করলেও ২০২৩ ও ২০২৪ সালে টানা দুই বছর এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা পার হয়েছে ৪০—এর ঘর। ২০২৩ সালের ১৬ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ বছরের ২০ এপ্রিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলে এটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
চলতি এপ্রিলে ঢাকার মতো খুলনা ও রাজশাহী অঞ্চলেও তাপমাত্রার পারদ পেরিয়ে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিলজুড়েই তাপমাত্রা এমন থাকবে। সারা দেশে গত বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে। সে বছরের ১৭ এপ্রিল সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ৮ বছরে অতি তীব্র তাপমাত্রার রেকর্ড নেই। তবে দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯৭২ সালের ১৯ মে। সেদিন রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।