News71.com
 Bangladesh
 23 Apr 24, 11:49 PM
 110           
 0
 23 Apr 24, 11:49 PM

উপজেলা নির্বাচন॥ঘোষিত তফশীলে ৬ চেয়ারম্যানসহ ২৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

উপজেলা নির্বাচন॥ঘোষিত তফশীলে ৬ চেয়ারম্যানসহ ২৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


নিউজ ডেস্কঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জনসহ মোট ২৫ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্য চার উপজেলায় সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এসব উপজেলায় ভোট গ্রহণের প্রয়োজন হবে না। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসাররা তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। প্রথম ধাপের ১৫০ উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয় গতকাল সোমবার। এই ধাপে ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানা গেছে, বাগেরহাট সদর, মুন্সিগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর ও ফেনীর পরশুরামে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এসব পদে ভোট গ্রহণের প্রয়োজন হবে না।

এ ছাড়া গাইবান্ধার সাঘাটায় চেয়ারম্যান, নাটোরের সিংড়ায় চেয়ারম্যান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, দিনাজপুরের হাকিমপুরে মহিলা ভাইস চেয়ারম্যান, পাবনার বেড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান, কুষ্টিয়া সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, মৌলভীবাজারের বড়লেখায় মহিলা ভাইস চেয়ারম্যান, চট্টগ্রামের সন্দ্বীপে ভাইস চেয়ারম্যান, কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান, রাঙামাটির কাউখালীতে ভাইস চেয়ারম্যান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে আজ মঙ্গলবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে ইসি। এ কারণে ওই উপজেলার চেয়ারম্যানকে আপাতত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন