
নিউজ ডেস্কঃ ঢাকার বাড়ি-ঘরের ওয়াসার পয়োবর্জ্য লাইন ও গ্যাসলাইন পরীক্ষা-নিরীক্ষা করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটি গঠন করে ৩০ এপ্রিলের মধ্যে ওয়াসাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি ও সিদ্দিক বাজারে দুটি ভবনে দুর্ঘটনার ফলে একাধিক মৃত্যুর ঘটনায় জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিটটি দায়ের করে।
আবেদনে ঢাকার প্রতিটি বাড়িতে ওয়াসার সংযোজিত পয়োবর্জ্য নিষ্কাশন লাইন এবং তিতাসের গ্যাসলাইন যথাযথ আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। আদালত ওয়াসাকে কমিটি গঠনের নির্দেশ দেন। যেখানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুজন প্রতিনিধি, তিতাস গ্যাসের একজন প্রতিনিধি, রাজউকের একজন প্রতিনিধি রাখতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিতাসের পক্ষে ছিলেন আইনজীবী আবুল বাশার টুটুল।