
নিউজ ডেস্কঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাবমুক্ত দেখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বদলির ভয় না করে প্রশাসন ও পুলিশকে নীতিতে অটল থেকে দায়িত্ব পালনের নিদের্শনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় কমিশন থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সভায় কমিশন থেকে বলা হয়, কথা না শোনার কারণে উচ্চমহল থেকে নির্বাচনে দায়িত্বরত কোনো কর্মকর্তার বিরুদ্ধে বদলির জন্য সুপারিশ এলে তা কমিশন যথাযথ যাচাইয়ের পর প্রমাণ সাপেক্ষে সিদ্ধান্ত নেবে। এ জন্য দুশ্চিন্তার কিছু নেই। চাকরি করলে বদলি হওয়াটাই স্বাভাবিক। নত হওয়ার চেয়ে বদলি সম্মানের। এ ছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নির্বাচনে কালো টাকা ছড়ানো হয়। এসব টাকা বন্ধে কীভাবে প্রশাসন ব্যবস্থা নিতে পারেন, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিদের্শনা দেওয়া হয়।