News71.com
 Bangladesh
 27 Apr 24, 11:16 PM
 123           
 0
 27 Apr 24, 11:16 PM

তীব্র তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে লাইন॥ ধীরে ট্রেন চালানোর নির্দেশ

তীব্র তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে লাইন॥ ধীরে ট্রেন চালানোর নির্দেশ


নিউজ ডেস্কঃ প্রচণ্ড তাপপ্রবাহে বিভিন্ন স্থানে রেললাইন বেঁকে যাওয়ার কারণে পশ্চিমাঞ্চল ট্রেনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। চলমান তাপপ্রবাহের মধ্যে রেললাইন বেঁকে যেতে পারে এ আশংকা থেকে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ট্রেন চালাচল করছে ধীরগতিতে। পাবনা ও ঈশ্বরদী এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে রেল লাইনের পাত। ট্রেনের গতি কমানোর পাশাপাশি সতর্ক না থাকলে যেকোনো মুহূর্তে ট্রেন দুর্ঘটনার আশংকা করছে রেল র্কতৃপক্ষ। রেল কর্তৃপক্ষের দাবি রেললাইনের লোহার পাতগুলো মূলত ৫০ ডিগ্রি পর্যন্ত সহনীয় কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে লোহার পাতের তাপমাত্রা ৫৭ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার কারণে লাইন বেঁকে যাচ্ছে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রেলের পাকশী বিভাগের আব্দুলপুর স্টেশনে এবং শুক্রবার (২৬ এপ্রিল) ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়। শুক্রবার রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনটিকে প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর অন্য লাইন দিয়ে ঘুরিয়ে থ্রো-পাস করা হয়। পরে রেলের কর্মচারীরা প্রায় দুই ঘণ্টা ধরে লাইনের ওপর পানি ঢেলে তাপ কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুনরায় ওই রেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন