
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কর্তব্যে থাকার কথা কিন্তু অফিস চলার সময় কেউ হাসপাতালের বাইরে গেলে, তাঁরা যেই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী বলেন, ‘ভুল চিকিৎসা বলতে কিছু নাই, ভুল চিকিৎসা বলার অধিকার আমাদের কারও নাই। আমরা কথায় কথায় দেখি ভুল চিকিৎসার অভিযোগ তুলে চিকিৎসকদের ওপর আক্রমণ হয়। এখানে উপস্থিত সাংবাদিকরা আছেন, আপনাদের উদ্দেশে আমি বলি-ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)।’
তিনি আরও বলেন, ‘কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি সেখানে অভিযোগ করা হয়, তারা যাচাই-বাছাই করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়। ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা এবং অবহেলাজনিত কারণে বিএমডিসি তাঁদের শাস্তির আওতায় এনেছে। সুতরাং পট করে আমরা ভুল চিকিৎসা বলে দেব, সেটি কিন্তু হয় না।’ ‘তবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে এবং প্রমাণিত হয়, তাহলে আমি অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’‘আমি মন্ত্রী হওয়ার পর থেকে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। চিকিৎসকদের উদ্দেশে আমি একটা কথাই বলি, আমি এই জায়গায় আসব তা স্বপ্নেও ভাবতে পারিনি। চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা হবে। আবার রোগীদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’