
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সরকারি অফিসের কাজ সম্পন্ন করতে চায় সরকার। এর জন্য সরকারি অফিসের চিঠি, সারসংক্ষেপ, প্রজ্ঞাপন, অফিস আদেশ, পরিপত্রসহ বিভিন্ন কাজ নিষ্পত্তি করতে এআইয়ের সহায়তা নেওয়া হবে। অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তিও করা হবে এআই প্রযুক্তির মাধ্যমে। এর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘সচিবালয় নির্দেশমালা ২০২৩’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। এআই প্রযুক্তিতে চলবে সরকারি অফিস। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালার খসড়া তৈরি করেছে। ‘সচিবালয় নির্দেশমালা ২০২৩’-এর খসড়া অনুমোদনের জন্য আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উঠতে যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।