
নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নাটকীয় উন্নতিতে উত্তর-পূর্ব ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। সোমবার নয়াদিল্লির কিরোরি মাল কলেজে ‘দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাপানের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের একীকরণ: অর্থনৈতিক বন্ধন এবং পরিবেশগত সংরক্ষণের ভারসাম্য’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন। এস জয়শঙ্কর আরও বলেন, ভারত-বিভাজন উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সংযোগকে ভেঙে দিয়েছিল। তবে গত এক দশকে কেন্দ্রীয় সরকারের নানা প্রচেষ্টা ওই এলাকার উন্নয়ন ঘটিয়েছে।
তিনি বলেন, আমরা যখন ২০১৫ সালে স্থল সীমানা চুক্তি করি, তখন উভয় দেশের মধ্যে আস্থা ও সম্পর্কের নতুন দিক খুলে যায়। এরপর থেকে সন্ত্রাসবাদ এবং অস্থিতিশীলতা মোকাবিলাসহ অন্য অনেক সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, ১৯৬৫ সালের যুদ্ধে পূর্ব পাকিস্তান সব রেল ও সড়ক যোগাযোগসহ সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। যা তখন বাকি ভারতের সঙ্গে যুক্ত ছিল। প্রাথমিক চ্যালেঞ্জ ছিল এটি ফিরে পাওয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মোংলার মতো বাংলাদেশের বন্দরগুলোতে ভারতের ব্যবহারের সুযোগ পাওয়া এ অঞ্চল বিশেষ করে ভারতের উত্তর-পূর্বের বাণিজ্যকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে।