
নিউজ ডেস্কঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিনিময়হার আরো বাজারভিত্তিক (নমনীয়) করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ এ পরামর্শ দিয়েছে, কারণ বাংলাদেশ ব্যাংক এখনো বিনিময়হার পুরোপুরি বাজারভিত্তিক করেনি। বরং দেশের ব্যাংকিং সংস্থা পর্যায়ক্রমে বিনিময়হার ঘোষণা করে। নমনীয় মুদ্রা বিনিময় হার চালুর কথা এক-দেড় বছর ধরেই বলে আসছে আইএমএফ। সংস্থাটি বলেছে, বাংলাদেশের আর্থিক হিসাবে এখনো ঘাটতি আছে। এই ঘাটতি মেটাতে উচিত হবে নমনীয় বিনিময় হার চালু করা। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতির আঞ্চলিক পূর্বাভাস বা রিজিয়নাল ইকোনমিক আউটলুক প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেছে আইএমএফ। এই সংবাদ সম্মেলনে মূলত কথা বলেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।