
নিউজ ডেস্কঃ ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ’ কেয়ারে অবৈধভাবে অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চালানো, ভবঘুরে ও ছিন্নমূল মানুষের অঙ্গপ্রত্যঙ্গ পাচার এবং নিজের প্রতিষ্ঠানের নামে জমি দখলসহ নানা অভিযোগ ও মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছেন আলোচিত-সমালোচিত সমাজকর্মী মিল্টন সমাদ্দার। বুধবার সন্ধ্যা সারে ৭টায় রাজধানীর মিরপুরে তাঁর নিজ প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ‘মিল্টন সমাদ্দারের সংস্থার অপারেশন থিয়েটারের লাইসেন্স ছিল না। সেখানে অবৈধভাবে অপারেশন করা হতো।
হারুন অর রশীদ আরও বলেন, ‘বরিশালের উজিরপুরের মিল্টন সমাদ্দারের উত্থান নিজ বাবাকে পিটিয়ে। এই অপরাধে এলাকাবাসী তাঁকে বাড়িছাড়া করেন। এরপর ঢাকার শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ শুরু করেন তিনি। ওষুধ বিক্রির টাকা চুরি করায় সেখানেও বেশি দিন টিকতে পারেননি মিল্টন। এরপর মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ওল্ড অ্যান্ড চাইল্ড নামের একটি কেয়ার সেন্টার স্থাপনের স্বপ্ন দেখেন তারা। পরবর্তীতে মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামের একটি কেয়ার সেন্টার স্থাপন করে শুরু করেন এই সকল অপকর্ম॥