
নিউজ ডেস্কঃ এক মাসের বেশি সময় ধরে টানা অসহ্য তাপদাহের পর সারাদেশে স্বস্তির বৃষ্টি নেমেছে। কোথাও কোথাও বজ্রমেঘসহ কালবৈশাখীর তাণ্ডব চলছে। গত দুই-তিন দিনে তাপমাত্রা কমে গেছে। প্রশমিত হচ্ছে উত্তাপের দাপট। চুয়াডাঙ্গা ছাড়া দেশের সর্বত্রই তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির নীচে। ঢাকায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। গতকাল ৩৬ ডিগ্রিতে নেমে এসেছে রাজধানীর তাপমাত্রা। এক শ্বাসরুদ্ধকর গরম থেকে মানুষ কিছুটা প্রশান্তি বোধ করছে। খুলে দেওয়া হয়েছে স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। মানুষ স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত হয়ে উঠেছেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত,শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বেড়েছে। এতে প্রাণহানিসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা ধান।
গতকাল খাগড়াছড়ি, রাঙামাটি, টাঙ্গাইলের ঘাটাইল, জামালপুরের ইসলামপুর, সিলেটের গোয়াইনঘাট ও মৌলভীবাজার সদর উপজেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী ৭২ ঘণ্টা দেশের ৮ বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আজ সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। বাড়বে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো প্রশমিত হবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।