
নিউজ ডেস্কঃ সুদের সীমা তুলে দেওয়ার পর থেকে সব ধরনের ঋণ ব্যয়বহুল হয়ে উঠেছে। প্রতি মাসে বাড়ছে ঋণের সুদ। তবে যে গতিতে ঋণের সুদ বাড়ছে, সেই গতিতে আমানতের সুদ বাড়াচ্ছে না অধিকাংশ ব্যাংক। গত নয় মাসে ঋণের গড় সুদহার যেখানে ৩ শতাংশের বেশি বেড়েছে, সেখানে আমানতের সুদহার বেড়েছে ১ শতাংশেরও কম। এতে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) ব্যাপক হারে বাড়ছে। ইতোমধ্যে গড় স্প্রেড ৫ শতাংশ অতিক্রম করেছে। এই হার অন্য যে কোনো দেশের তুলনায় বেশি।
স্প্রেড বাড়তে থাকায় ব্যাংকগুলো লাভবান হলেও ঋণগ্রহীতা ও আমানতকারী উভয় গ্রাহক ক্ষতিগ্রস্ত হন। কারণ সুদ ব্যয়ের তুলনায় সুদ আয় হওয়ায় বেশি মুনাফা করতে পারছে ব্যাংকগুলো। অপরদিকে ঋণে বেশি সুদের কারণে খরচ বাড়ছে ঋণগ্রহীতাদের। আবার আমানতে কম সুদ পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। স্প্রেড বেশি হওয়ার জন্য ৪টি কারণকে দায়ী করছেন খাতসংশ্লিষ্টরা। এগুলো হলো- মূল্যস্ফীতি, খেলাপি ঋণের আধিক্য, উচ্চ পরিচালন ব্যয় ও অতিমুনাফা করার প্রবণতা। মুক্তবাজার অর্থনীতিতে সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়।